রবিবার ১৮ অক্টোবর ২০২৬ - ১৪:২০
ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি শত্রুর হিসাব-নিকাশ বদলে দিয়েছে: প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কিতাবচি বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের ফলে শত্রুপক্ষের হিসাব-নিকাশ বদলে গেছে। বিশেষ করে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের পর প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের ফলে যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে শত্রুপক্ষের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: রোববার ইরানের সংসদের এক উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

কিতাবচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের যৌথভাবে চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধের পর ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত ও আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে শত্রুপক্ষের মূল্যায়ন ও কৌশলগত হিসাব-নিকাশে পরিবর্তন এসেছে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে গভীর সংশয় তৈরি হয়েছে।

বক্তব্যের শুরুতে তিনি ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.), শহীদ ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী, ইসলামী বিপ্লবের সব শহীদ এবং শহীদ প্রতিরক্ষামন্ত্রীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বিশেষভাবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহকে স্মরণ করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে হুমকি দিতে ‘মাদার অব অল বম্বস’ (সব বোমার জননী) শব্দবন্ধ ব্যবহারের সমালোচনা করে কিতাবচি বলেন, এ ধরনের বোমা মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইরান তার প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। দায়িত্ব পালনের ক্ষেত্রেও তারা সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছেন।

সংসদে অনুমোদন পাওয়ার পর তিনি বলেন, শত্রুপক্ষ বর্তমানে কৌশলগত অচলাবস্থার মুখে রয়েছে। কারণ, হুমকির ধরন, সামরিক শক্তি প্রয়োগের কৌশল, প্রযুক্তিগত পরিবেশ এবং আঞ্চলিক ব্যবস্থায় পরিবর্তন ঘটছে।

তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তি কেবল সামরিক অভিযানের সক্ষমতার ওপর নির্ভরশীল নয়; কৌশলগত পরিবেশ সম্পর্কে দেশের উপলব্ধি ও মূল্যায়নও এর গুরুত্বপূর্ণ অংশ।

আধুনিক যুদ্ধের ধরন তুলে ধরে কিতাবচি বলেন, বর্তমান যুদ্ধ কেবল সামরিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ, সাইবার যুদ্ধ, সরবরাহব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি, তথ্যযুদ্ধ এবং প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত করার বিষয়গুলোও যুক্ত রয়েছে।

তাঁর মতে, এসব হুমকি কার্যকরভাবে মোকাবিলা করতে হলে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে এবং যুদ্ধের বিভিন্ন মাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

ইরানের বিরুদ্ধে বোমা হামলার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প যদি সত্যিই বোমা হামলা চালান, তাহলে তাঁকে এ বিষয়টিও বিবেচনায় নিতে হবে যে, কতজন মার্কিন সেনার মরদেহ লাশের ব্যাগে করে ফিরিয়ে নিতে হতে পারে। হুমকি বাস্তবায়ন করা হলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাঁকে আস্থা দেওয়ায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানান কিতাবচি। এ দায়িত্বের জন্য তাঁকে মনোনীত করার ক্ষেত্রে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অব্যাহত সমর্থনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে রোববার ইরানের সংসদের উন্মুক্ত অধিবেশনে কিতাবচির কর্মপরিকল্পনা ও যোগ্যতা পর্যালোচনা শেষে আইনপ্রণেতারা তাঁকে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদবিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দেন।

তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নাসিরজাদেহ শহীদ হন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha